সারা বিশ্বের প্রায় অর্ধেক মানুষ ডেঙ্গু আক্রান্তের ঝুঁকিতে রয়েছে। আর এ ঝুঁকি ক্রমেই বাড়ছে। পৃথিবীর প্রায় ২৫০ থেকে ৩০০ কোটি লোক এই ঝুঁকিতে রয়েছেন। বিশ্বস্বাস্থ্য সংস্থার ২০১৫ সালের এক পরিসংখ্যানে এমন চিত্র উঠে এসেছে। বর্তমানে এ সংখ্যা আরও বেড়েছে বলে অনুমান করা যাচ্ছে।

ওই পরিসংখ্যানে আরও দেখানো হয়, পৃথিবীর প্রায় ১২৮টি দেশ ডেঙ্গু আক্রান্তের ঝুঁকিতে রয়েছে। সারা বিশ্বে ৩৬টি দেশই কেবল ডেঙ্গু আক্রান্তের ঝুঁকিতে নেই। আর পৃথিবীর সাতটি মহাদেশের মধ্যে শুধু এন্টারটিকা মহাদেশটিই ডেঙ্গু আক্রান্তের ঝুঁকিতে নেই। বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, মশা বাহিত ভাইরাস জনিত রোগ হিসেবে ডেঙ্গু পৃথিবীতে সবচেয়ে দ্রুত বিস্তারলাভ করছে। গত ৫০ বছরে ডেঙ্গুর বিস্তার পৃথিবীব্যাপী ঘটেছে প্রায় ৩০ গুণ। শুধু আমেরিকাতেই ১৯৯৫ সালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিল প্রায় দুই লাখ ৫০ হাজার ব্যক্তি। আর সেটি ২০০৭ সালে এসে দাঁড়িয়েছে প্রায় আট লাখ ৯০ হাজারে। আর ১৯৯৫ সালে হেমোরেজিক জ্বরে আক্রান্ত হয়েছিল প্রায় সাত হাজার জন আর ২০০৭ সালে সেটা দাঁড়ায় প্রায় ২৬ হাজারে।

গত কয়েক বছর ধরেই ডেঙ্গুর বিস্তার বেড়েই যাচ্ছে বলে বিশ্বস্বাস্থ্য সংস্থার ২০১৫ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে। সংস্থাটির অফিসিয়াল তথ্য অনুযায়ী, ২০১৫ সালে সারা বিশ্বে ডেঙ্গু আক্রান্ত হয়েছে প্রায় ৩২ লাখেরও বেশি মানুষ। এর মধ্যে শুধু আমেরিকাতেই আক্রান্ত হয় প্রায় ২৩ লাখ। আক্রান্তদের মধ্যে ১০ হাজার ২০০ জন ছিলো গুরুতর। মৃত্যু হয় এক হাজার ১৮১ জনের। এর আগের পরিসংখ্যানে বিশ্বের পাঁচ থেকে ১০ কোটি লোক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় বলে জানানো হয়। এর মধ্যে হেমোরেজিক জ্বরে আক্রান্ত হয় প্রায় পাঁচ লাখ মানুষ। ওই সময় ডেঙ্গুতে প্রায় ২২ হাজার মানুষের মৃত্যু হয়, এর বেশিভাগই ছিলো শিশু।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে