অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে ঘুষ নেয়া, ক্ষমতার অপব্যবহার ও অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে। সোমবার বিকেলে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে তোলা হলে বিচারক ইমরুল কায়েস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পার্থ গোপাল বণিককে দুদক কার্যালয়ে নেয়া হয়। রোববার বিকেলে তাকে গ্রেপ্তার করে দুদক। এছাড়া তার ভূতের গলির বাসা থেকে উদ্ধার করা হয় ৮০ লাখ টাকা। এরই মধ্যে জব্দ হওয়া টাকা গণনা করে দুদকের প্রতিনিধিরা।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডিআইজি থাকার সময় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রোববার প্রায় চার ঘণ্টা দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন সিলেটের ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিক। পরে ঘুষ-দুর্নীতির কয়েক লাখ নগদ টাকা বাসায় আছে, এমন তথ্যের ভিত্তিতে পরিচালক মুহাম্মদ ইউছুফের নেতৃত্বে পার্থ বণিকের ধানমন্ডির ভূতের গলি বাসায় অভিযানে যায় দুদকের দল। পরে তার বাসা থেকে ৮০ লাখ টাকা জব্দের পর তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় দুদক।
দুদক কর্মকর্তারা জানান, তাদের আসতে দেখে পার্থর স্ত্রী জানালা দিয়ে পাশের ভবনে ছাদে ফেলে দেন দুটি ব্যাগ। পরে সেই ব্যাগ দুটিতে থেকেই পাওয়া যায় ৮০ লাখ টাকা। তবে এ টাকা নিয়ে নিজেদের ব্যাখ্যাও দিয়েছেন পার্থ ও তার স্ত্রী।
তবে দুদক কর্মকর্তাদের ধারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জন করা এই অর্থ বাসায় রেখেছিলেন ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিক।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























