কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘুমধুম নো-ম্যান্স ল্যান্ডে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে অনেক ঘরবাড়ি। পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাসিন্দা। বর্ষায় দুর্ভোগে দিন কাটাচ্ছেন রোহিঙ্গারা।
বৃষ্টিতে ঘরের মাটি সরে যায়। সামান্য বাতাসেই উড়ে যায় ত্রিপলের ছাউনি। কয়েকদিনের ভারী বৃষ্টিতে দুর্ভোগের মাত্রা বাড়ে কয়েকগুণ। কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের এসব রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রের বাসিন্দারা জানালেন, পাহাড় ধসের আতঙ্কের কথাও। এক বাসিন্দা বলেন, বৃষ্টি হলে পাহাড় ধ্বসে পড়ে। ঘরবাড়ি ভেঙ্গে যায়। এসব মেরামত করতে আমাদের বেশী সময় লাগে। আমরা এখানে খুব কষ্টে আছি। আমরা ঘর বাড়ি নিয়ে বেশী সমস্যায় আছি।অন্য এক বাসিন্দা বলেন, এখানে বেশী বৃষ্টি হয়েছে। আমাদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টি হলে পাহাড়ের ঢাল ভেঙ্গে পড়ে। আর ঘরের ত্রিপাল উড়ে যায়। আমাদের প্রথমে যে ঘর তৈরি করে দিয়েছে সেটি ভেঙ্গে গেছে।
জেলা প্রশাসক জানালেন, বর্ষায় উখিয়া এবং টেকনাফে প্রায় ২ লাখ মানুষ পাহাড় ধসের ঝুঁকিতে। তাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে প্রশাসন। জেলা প্রশাসনের হিসাবে, এই বর্ষা মৌসুমে এ পর্যন্ত বৃষ্টিতে অন্তত ১০ হাজার রোহিঙ্গা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














