ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক নিয়োগ বাণিজ্যের অডিও ক্লিপ ফাঁস হওয়ায় কলা অনুষদের ডীন অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদকে আহবায়ক এবং আইসিই বিভাগের প্রফেসর.ড. তপন কুমার জোদ্দার ও সিএসই বিভাগের প্রফেসর ড. আহসান উল আম্বিয়াকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে।

বিষয়টি গত ২৯ জুন তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৪৫ তম সভায় উপস্থাপন করা হয় এবং সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক উল্লেখিত ঘটনাটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত পূর্বক ঘটনার সত্য নিরূপণ, দোষী ব্যক্তি চিহ্নিতকরণ এবং অপরাধের মাত্রা নির্ধারণপূর্বক যথাসম্ভব প্রতিবেদন পেশ করার জন্য উপচার্য প্রফেসর. ড. মোঃ হারুন উর রশিদ আসকারী তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

জানা যায়, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে প্রভাষক পদের (স্থগিতকৃত) নিয়োগ নির্বাচনী বোর্ডের একজন আবেদনকারীকে অর্থের বিনিময়ে চাকরি পাইয়ে দেবার উদ্দেশ্যে উক্ত বিভাগের সহকারী অধ্যাপক ও প্ল্যানিং কমিটির সদস্য ড. মোঃ রুহুল আমিন এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব এস. এম. আব্দুর রহিম এর আর্থিক লেনদেনের অডিও ফাঁসের বিষয়টি পত্র-পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়।

এ অডিওতে আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথন বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধি ৩(সি) ধারা মোতাবেক ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ রুহুল আমিন ও ইলেকট্রনিক এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব এস. এম. আবদুর রহিমকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

প্রিতম মজুমদার,
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে