ইউটিউব, ফেসবুক, গুগলে বিজ্ঞাপনের ক্ষেত্রে ভ্যাট আদায় নিশ্চিতের পদক্ষেপ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। এজন্য এগুলোকে ভ্যাট নিবন্ধন অথবা এজেন্ট নিয়োগের নির্দেশ দেয়া হয়েছে। দেশে সম্প্রচারিত বিদেশি টেলিভিশনকেও নিতে হবে একই ধরনের উদ্যোগ। আদেশ অনুযায়ী, ১ জুলাই থেকে এসব মাধ্যমে বাংলাদেশে প্রচারিত বিজ্ঞাপনে ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে।
প্রযুক্তির আধুনিকায়নের সঙ্গে বদলে গেছে বিজ্ঞাপন প্রচারের ধরন। টেলিভিশন-পত্রিকার পাশাপাশি বিজ্ঞাপন প্রচারের বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে ফেসবুক, ইউটিউব, ইন্সটাগ্রাম, গুগলের মতো ইন্টারনেটভিত্তিক বিভিন্ন মাধ্যম। টেলিভিশন-পত্রিকায় দেয়া বিজ্ঞাপনের ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট আদায় করছে সরকার। এবার নতুন আইনে অনলাইন বিজ্ঞাপনকেও ভ্যাটের আওতায় আনা হচ্ছে। এজন্য ভ্যাট নিবন্ধন নেয়া বা বিজ্ঞাপনি এজেন্ট নিয়োগে প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছে এনবিআর। এনবিআর কর্মকর্তারা জানান, এতে সাড়া না দিলে বিটিআরসির মাধ্যমে বিজ্ঞাপন, এমনকি অনলাইন মাধ্যমও বন্ধ করে দেয়া হতে পারে।
একইভাবে বিদেশি টেলিভিশনের বিজ্ঞাপন থেকেও ভ্যাট আদায়ের পদক্ষেপ নিয়েছে এনবিআর। এনবিআর কর্মকর্তারা জানান, প্রতিবেশী দেশ ভারতে ইউটিউব-ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যালয় রয়েছে। কর সংক্রান্ত বিষয়ে তাদের মাধ্যমে মূল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ভারত সরকার। বাংলাদেশেও এ ধরনের ব্যবস্থাপনা তৈরির উদ্যোগ নেয়া হয়েছে।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























