বেঁচে গেল ভারত। আফগানিস্তানের বিপক্ষে হারতে হারতে জিতলো ১১ রানে। পারলেন না মোহাম্মদ নবী। একাই লড়াই করলেন। শেষ ওভারে আফগানদের দরকার ছিল ১৬ রান। মোহাম্মদ শামিকে মাত্র ৪ রান নিতে পেরেছেন আফগানিস্তানের ব্যাটসম্যানরা। ফেভারিট টিম ইন্ডিয়া শেষমেশ হাঁফ ছেড়ে বাঁচলো। ২২৫ রানের টার্গেটে ৪৯.৫ ওভারে ২১৩ রানে অলআউট বিশ্বকাপে এখনো জয় না পাওয়া আফগানরা।
চলতি বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক করলেন মোহাম্মদ শামি। ম্যাচের শেষ ওভারে পরপর তিন বলে নবী, আফতাব ও মুজিবকে আউট করে এই অর্জন করেন। ৪০ রান দিয়ে ৪ ইউকেট দখল করেন এই পেসার। ভারতের পক্ষে বুমরাহ, চাহাল ও পান্ডিয়া ২টি করে উইকেট পান।এর আগে দেখেশুনে শুরু করেন আফগানিস্তানের ব্যাটসম্যানরা। তবে ভারতীয় বোলারদের আঁটসাঁট বোলিংয়ে রানের গতি বাড়াতে পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় চাপে পড়ে আফগানরা। তবে শেষদিকে মোহাম্মদ নবীর ব্যাটে ভর করে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে তাদের সমর্থকরা। কিন্তু শেষ অবধি জয়টা হলো ভারতেরই। রহমত শাহ করেন ৩৬ রান ও অধিনায়ক গুলবাদিন নাইব করেন ২৭ রান।
সাউদাম্পটনে টস জিতে ব্যাট করে আফগানিস্তানকে ২২৫ রানের টার্গেট দেয় ভারত। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৪ রান করতে সক্ষম হয় ভারত।শুরুতেই ইনফর্ম রোহিত শর্মাকে আউট করে আফগানিস্তানকে জলদি ব্রেকথ্রু এনে দেন স্পিনার মুজিবুর রহমান। ভিরাট কোহলি আর লোকেশ রাহুলের ৫৭ রানের জুটি ভাঙেন আরেক স্পিনার মোহাম্মদ নবী। বিজয় শঙ্করকে সাথে নিয়ে আরও ৫৮ রান যোগ করেন কোহলি। শঙ্করকে ফিরিয়েছেন রহমত শাহ। আর ওয়ানডে ক্যারিয়ারের ৫২তম হাফ সেঞ্চুরি করে ৬৭ রানে ফিরে গেছেন কোহলি।
ধোনি আর কেদার জাদবের পার্টনারশিপ ৫৭ রানের হলেও বল নষ্ট করেছেন ধোনি। ৫২ বলে ২৮ রান করে ফিরে গেছেন রশিদের বলে।এই জয়ে পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠলো ভারত। আর কোন জয় না পাওয়া আফগানিস্তান রয়ে গেলো সবার নিচে।
তথ্যঃ ডিবিসি
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














