অভিনয় শিল্পী সংঘের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শহীদুজ্জামান সেলিম ও আহসান হাবিব নাসিম। অভিনয় শিল্পীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে নবনির্বাচিত কমিটি। নতুন নেতৃত্বকে টেলিভিশন নাটকের দুরাবস্থা কাটাতে কাজ করার তাগিদ দিয়েছেন শিল্পীরা।
টেলিভিশন অভিনয় শিল্পীদের প্ল্যাটফরম, ‘অভিনয় শল্পী সংঘ’-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলো শুক্রবার। ভোট চলে সকাল ৯টা থেকে বিকাল সোয়া ৫টা পর্যন্ত। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন লুৎফর রহমান জর্জ। ভোটে ২০ পদে ৫১ জন প্রার্থীর মধ্যে হয় প্রতিদ্বন্দ্বিতা। নির্বাচন কেন্দ্র করে নবীন-প্রবীণ অভিনয় শিল্পীদের পদচারণায় মুখর হয়ে ওঠে রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দেন তারা। শিল্পীদের মিলনমেলায় পরিনত শিল্পকলা একাডেমী।টেলিভিশন নাটকের চরম দুরাবস্থা চলছে উল্লেখ করে নতুন কমিটিকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন অভিনয় শিল্পীরা।
ভোটগ্রহণ শেষ হওয়ার ৩ ঘণ্টা পর ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন শহীদুজ্জামান সেলিম ও আহসান হাবিব নাসিম।নির্বাচিত নেতারা শিল্পীদের কল্যাণে ও টেলিভিশন নাটকে দুরাবস্থা কাটাতে কাজ করার অঙ্গীকার করেন।নির্বাচিত ২১ সদস্যের কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
তথ্যঃ ইন্ডিপেন্ডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














