আওয়ামী লীগের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারের প্রত্যেকটি অঙ্গীকারকে নির্দেশনা ধরে এবারের বাজেট সাজানো হয়েছে। তরুণ প্রজন্মকে কাজে লাগানো, উদ্যোক্তো তৈরি, শহরের সুবিধা গ্রামে, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বৈষম্য নিরসন ও ব্যাংকিং খাত সংস্কারে যথাযথ বরাদ্দসহ সামগ্রিকভাবে এ বাজেটে নির্বাচনী ইশতেহারের প্রতিফলন ঘটেছে। তবে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন একটি বড় চ্যালেঞ্জ।
আজ রবিবার সন্ধ্যায় ঢাকাস্থ জাতীয় উন্নয়ন ও পরিকল্পনা একাডেমি-তে (এনএপিডি) “বাংলাদেশ আওয়ামী লীগ-এর নির্বাচনী ইশতেহারের আলোকে ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাাবিত বাজেট পর্যালোচনা” শীর্ষক গোলটেবিল আলোচনায় বিশেষজ্ঞগণ এসব কথা বলেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট, লিম গ্লোবাল কনসাল্টিং লিমিটেড এবং হোলিস্টিক ইন্টিগ্রেশন যৌথভাবে এ আলোচনার আয়োজন করে।
অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দীন খান আলমগীর, এমপি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন অধ্যয়ন বিভাগ-এর অধ্যাপক ড. শুচিতা শরমিন, ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ-এর সহযোগী অধ্যাপক ড. সাবের আহমেদ চৌধুরী এবং হোলিস্টিক ইন্টিগ্রেশন-এর নির্বাহী পরিচালক ড. তানভীর ফিত্তীন আবির।
আলোচনায় প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ব্যবস্থাপনা বিভাগ অধ্যাপক ড. মুহাম্মদ মোহিউদ্দীন। ড. মোহিউদ্দীন তাঁর মূল প্রবন্ধে বলেন তরুণ-যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদানের জন্য অনেকগুলো প্রস্তাবনা বাজেটে আছে। এ বাজেট শিল্প ও বিনিয়োগবান্ধব হয়েছে।
তিনি রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করেন। তিনি বলেন, “লক্ষ্যমাত্রা যেটা দেওয়া হয়েছে সেটা বাস্তবায়ন করাই বড় কথা। এটা বড় বাজেট। প্রতি বছরই দেখি বাজেট বাস্তবায়নে ঘাটতি থেকে যায়। ঘাটতি থাকে রাজস্ব আদায়েও।” তিনি ব্যাংকিং খাতের সমস্যা সমাধান করার পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়ন করার ওপর গুরুত্বারোপ করেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























