বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে বিধ্বস্ত পাকিস্তান। বিশ্বকাপ ইতিহাসে নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন একশো পাঁচ রানে অলআউট হয়েছে সারফ্রাজের দল। এবি ডি ভিলিয়ার্সকে টপকে মেগা ইভেন্টে সবচেয়ে বেশি ছক্কার কীর্তি গড়েছেন ক্রিস গেইল। ১৭ রান খরচায় চার উইকেট নিয়ে ম্যাচ সেরা ওশান থমাস।
ইংল্যান্ড বিশ্বকাপ ম্যাচ হবে হাইস্কোরিং, সাড়ে তিনশর ওপর রান হবে নিয়মিত এমন আলোচনা চলছিলো গত একমাস ধরে। কিন্তু প্রথম দুই ম্যাচে প্রমাণ মিলেছে, বোলাররাও গড়ে দিতে পারে ব্যবধান। উইকেটের পাশাপাশি ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখবে আবহাওয়া। নটিংহ্যামে আবহাওয়ার সুবিধা শতভাগ কাজে লাগিয়েছে উইন্ডিজ পেইসাররা। ইমাম উল হককে ফিরিয়ে শুরুটা করেন কটরেল। এরপর রাসেল, হোল্ডার, থমাসদের দাপট। বাউন্স আর শর্ট বলের ফাঁদে ফেলেন পাকিস্তানকে। প্রথম পাঁচ ব্যাটসম্যানের তিনজনই এক অঙ্কের কোটা পার করতে পারেননি।
একশর নীচে গুটিয়ে যাওয়ার শঙ্কা ছিলো, কিন্তু শেষ উইকেটে ওয়াহাব রিয়াজের ১৮ রানের ক্যামিওতে তিন অঙ্কের দেখা পায় সরফরাজের দল। পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ২২ রানে আসে ফাখার জামান ও বাবর আজমের ব্যাটে। ওশান থমাসের শিকার চার উইকেট, হোল্ডার নিয়েছে তিনটি, রাসেলে শিকার দুই উইকেট।
নিজের শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে আঁটঘাট বেঁধে নেমেছেন ক্রিস গেইল। মেগা ইভেন্টের আগে ফিটনেস নিয়ে অনেক কাজ করেছেন, এখন তার সুফল পাচ্ছেন, কপাল পুড়ছে প্রতিপক্ষ বোলারদের। মামুলি টার্গেটেও ঝড় তুলেছেন। ছয় বাউন্ডারি আর তিন ওভার বাউন্ডারিতে ৩৪ বলে ৫০। বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটাও এখন ইউনির্ভাসাল বসের। পেছনে ফেলেছেন এবি ডিভিলিয়ার্সের ৩৭ ছক্কার কীর্তিকে।
গেইল ঝড়ে একবারও চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি ক্যারিবীয়দের। তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দল। পাকিস্তানের পক্ষে তিনটি উইকেটই নেন মোহাম্মদ আমির। প্রস্তুতি ম্যাচে ৪২১ রান করে নিজেদের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিয়েছে, এবারে উইন্ডিজ প্রমাণ করলো বোলিং অ্যাটাকও কোনও অংশে কম নয়। বিশ্বকাপ শুরুর আগে যারা ক্যারিবীয়দের হিসেবের বাইরে রেখেছিলো, তাদের এখন নতুন করে ভাবতে হবে।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














