বহুমাত্রিক ঐতিহ্যে লালিত কুষ্টিয়া পৌরসভার ১৫০ পূর্তি উপলক্ষ্যে ১৩ দিনব্যাপী উৎসবের উদ্বোধন হয়েছে। এ উপলক্ষ্যে পৌরসভা থেকে মেয়র আনোয়ার আলীর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের। শোভাযাত্রায় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ পৌর কাউস্নিলরবৃন্দ, সমাজের বিশিষ্ট জনসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

র্যালী শেষে পৌর বটতলায় উদ্বোধনী দিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেয়র আনোয়ার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মাহাবুব-উল-আলম হানিফ এমপি।

প্রধান অতিথির বক্তব্যে জনাব হানিফ বলেন দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী পৌরসভা হচ্ছে কুষ্টিয়া পৌরসভা। এ পৌরসভায় অনেক উন্নয়নমুলক কাজ হয়েছে। কিন্তু কুষ্টিয়া শহরকে আরও আধুনিক ও দৃষ্টিনন্দন করতে হলে মাষ্টার প্লান তৈরীর কোন বিকল্প নেই। এ জন্য আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করতে আমি প্রস্তুত আছি। আমরা এক ও ঐক্যবদ্ধ হয়ে কুষ্টিয়াসহ কুষ্টিয়া শহরের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। তিনি বলেন, মেয়র আনোয়ার ভাই আমাদের সকলের মুরব্বী। আমি চাইবো তিনি যতদিন জীবিত ও কর্মক্ষম থাকবেন, ততদিন আমাদের অভিভাবক এবং পৌর মেয়র হিসেবেই থাকবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দীন খান, সাধরণ সম্পাদক আজগর আলী প্রমুখ। স্বাগত বক্তা ছিলেন প্যানেল মেয়র-০১ জনাব মতিয়ার রহমান মজনু।

আলোচনা শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগীত পরিবেশন করেন দেশবরেণ্য শিল্পী শফি মন্ডল ও টুনটুন বাউল। রাত ১০ টায় বাঘা যতীন থিয়েটারের আয়োজনে মনোমুগ্ধকর যাত্রা পরিবেশিত হয়। উল্লেখ্য অনুষ্ঠানটি আগামী ১৩ তারিখ পর্যন্ত চলবে। প্রতিদিনই থাকছে আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান। এদিকে গ্রাম বাংলার লোকজ সংস্কৃতি সর্ম্পকে শহুরে মানুষকে পরিচিত করাতে পৌর চত্বরে বসেছে মেলা।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














