রাজধানীতে রোববার সন্ধ্যায় ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টি হয়েছে। ঝড়ে অনেক স্থানে গাছ উপড়ে ও ভেঙ্গে পড়েছে। গাছ ও সাইবোর্ড চাপা পড়ে রাজধানীতে তিনজন নিহত হয়েছে। বিভিন্ন সড়কে গাছ ভেঙ্গে পড়ে যানবাহন চলাচল ব্যহ হচ্ছে। অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বিকেল থেকেই রাজধানীর আকাশ কালো মেঘে ছেয়ে যায়, ঝড়ো বাতাসের পর শুরু হয় বৃষ্টি। রাজধানীর অনেক এলাকায় গাছ পড়ে যানবাহন চলাচল ব্যাহত হয়। বিদ্যুতের তার চিড়ে যাওয়ায় কিছু এলাকা বিদ্যুতহীন হয়ে পড়ে। অফিস শেষে ঘরে ফেরার সময় মানুষ ঝড়বৃষ্টির কবলে পড়ে।

রাজধানীর পুরানা পল্টনে সাইন বোর্ড পড়ে হানিফ নামের এক চা দোকানি নিহত হন। এছাড়া সংসদ ভবন এলাকায় গাছ চাপা পড়ে মিলি ডি কস্তা এক নারী নিহত হয়েছেন। এছাড়া মিরপুরের শেওড়াপাড়া এলাকায় উঁচু ভবন থেকে ইট পড়ে আরেকজনের মৃত্যু হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া ঝড় চলে প্রায় ২০ মিনিটের মতো। এরপর হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে আরও কিছুক্ষণ।

ঢাকার বাইরে নেত্রকোণায় বজ্রপাতে একজন নিহত হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, ঢাকার মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের একটি দেয়াল ধসে পড়েছে। আবহাওয়া অফিস জানায়, পশ্চিমা লঘুচাপের সঙ্গে মৌসুমী লঘুচাপের প্রভাবে এই কালবৈশাখী ঝড় হচ্ছে। ঢাকায় ঝড় কমে গেলেও এই ঝড় ঢাকা থেকে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। এটি কক্সবাজার পর্যন্ত যাবে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে