আজ ১৪ মার্চ, বিশ্ব নদীকৃত্য দিবস। বিশ্বের মত বাংলাদেশও দিবসটি পালন করে আসছে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘নদী এবং নারী’। ১৯৯৭ সালে ব্রাজিলে কুরিতিবা শহরে এক সমাবেশ থেকে নদীর প্রতি দায়দ্ধতা, দায়িত্ববোধ মনে করিয়ে দিতে দিবসটি পালন হয়ে আসছে।
বাঁধের বিরূপ প্রতিক্রিয়ার শিকার তাইওয়ান, ব্রাজিল, চিলি, আর্জেন্টিনা, থাইল্যান্ড, রাশিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা একটি সম্মেলনে সমবেত হয়েছিলেন। সম্মেলন থেকেই ১৪ মার্চ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালনের সিদ্ধান্ত হয়। দখল, দূষণ ও ভরাটের কবলে পড়ে বর্তমানে দেশের নদীগুলোর প্রাণ ওষ্ঠাগত। নদীর এমন ত্রাহি অবস্থায় বিশ্ব নদীকৃত্য দিবসটি অত্যন্ত জরুরি বলে মনে করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় চট্টগ্রামে হালদা নদী রক্ষা কমিটির আয়োজনে নদীর পাড়ে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ও নদী বিশেষজ্ঞ ড. মো. মনজুরুল কিবরীয়া বলেন, ‘নদীকৃত্য দিবসটি কার্যত নদীর প্রতি আমাদের দায়বদ্ধতা স্মরণ করে দিতেই পালিত হয়।

বর্তমানে যেভাবে দেশের নদীগুলো দূষণ, দখল ও ভরাটের কবলে পড়েছে, এখন থেকেই যদি এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহণ করা না হয়, তাহলে জাতি হিসাবে আমাদের জন্য খারাপ কিছু অপেক্ষা করছে। সময় মতো প্রকৃতি নিজেই এর প্রতিশোধ নিবে।’
বৈশাখী অনলাইন
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














