বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স অ্যামাজনের বাংলাদেশে বিনিয়োগের আগ্রহে শঙ্কায় পড়েছে দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা। তবে শঙ্কিত না হয়ে সফলতার সঙ্গে টিকে থাকতে স্বচ্ছভাবে ব্যবসা করার পরামর্শ দিচ্ছে ই-কমার্স অ্যাসোসিয়েশন ই-ক্যাব। আর তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার মনে করেন, গুছিয়ে ব্যবসা করলে শঙ্কিত হওয়ার কোন কারণ নেই।

ঘরে বসে পছন্দের পণ্য হাতে পেতে বাড়ছে অনলাইনে কেনাবেচা। ২০১৬ সালে অনলাইনে বিক্রি হয় এক হাজার কোটি টাকার পণ্য। ২০১৭ সালে তা বেড়ে দাঁড়ায় একহাজার ৮০০ কোটি টাকা। আর ২০১৮ সালে ৪ হাজার কোটি টাকা। আগামী বছরই দেশের ই-কমার্সে যুক্ত হচ্ছে ট্রিলিয়ন ডলারের কোম্পানি অ্যামাজন। শুরু থেকেই শতভাগ বিনিয়োগ নিয়ে তাদের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা। এলক্ষ্যে প্রতিষ্ঠানটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ঢাকা ঘুরে গেছেন। অ্যামাজনের কারণে ক্রেতা কমার আশঙ্কা করছেন দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা।
ই-ক্যাব মনে করে, অ্যামাজন আসলে বিনিয়োগের সঙ্গে আস্থা বাড়বে দেশের ই কমার্সে। আর দেশের উদ্যোক্তারা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য প্রয়োজন সঠিক নীতিমালা। প্রতিযোগিতায় টিকে থাকতে দেশের বড় প্রতিষ্ঠানগুলোকে ব্যবসা করতে হবে স্বচ্ছতার সঙ্গে।

তথ্য প্রযুক্তিমন্ত্রী মনে করেন, দেশের উদ্যোক্তাদের কথা মাথায় রেখেই ই-কমার্স নীতিমালা প্রণয়ন করা হয়েছে। অ্যামাজনকে ওই নীতিমালা অনুসরণ করেই বিনিয়োগ করতে হবে। ভারত, যুক্তরাজ্য, জাপান, চীনসহ বিশ্বের ১৬টি দেশে বিনিয়োগ করেছে অ্যামাজন।

তথ্যসুত্রঃ ইন্ডিপেনডেন্ট
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্ নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে