অর্থনৈতিক খাতে বাংলাদেশের ক্রমবর্ধমান অগ্রগতির ধারায় যোগ হলো নতুন স্মারক। বৈশ্বিক অর্থনৈতিক স্বাধীনতার সূচকে বাংলাদেশ এগিয়েছে আরো সাত ধাপ। রোববার প্রকাশিত যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশনের প্রতিবেদন অনুযায়ী ৫৫ দশমিক ৬ পয়েন্ট পেয়ে ১৬৯টি দেশের মধ্যে এই সূচকে বাংলাদেশের অবস্থান ১২১।
বিনিয়োগ, উৎপাদনশীলতার হার, অভ্যন্তরীণ বাণিজ্যিক নীতি, সরকারি আয় ব্যয়ের পরিমাণ এবং মুক্তবাজার অর্থনীতির সকল উপাদানের সমন্বয়ে নির্ধারিত হয় এই সূচক। প্রতিবেদন অনুযায়ী সম্পত্তির মালিকানা সংক্রান্ত ব্যবস্থাপনা, বিচার বিভাগের কার্যকারিতা এবং সরকারের নিষ্ঠা বিভাগে বাংলাদেশের অবস্থান সন্তুষ্টিমূলক। বাজেটে ঘাটতি কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৬ শতাংশে। তবে আমলাতান্ত্রিক জটিলতায় গত চার বছরে বিনিয়োগে স্বাধীনতা বিভাগে অগ্রগতি ধীর গতিতে হচ্ছে।
এছাড়া, সরকারি ব্যয়ের তুলনায় আয়ের হারে এখনো ঘাটতি রয়েছে। পাশাপাশি, বড় আকারের দুর্নীতি, অপরাধ প্রবণতা এবং দূর্বল আইনের শাসন বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে বলেও দাবি সংস্থাটির।
সূচকে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকা ভারতের অবস্থান ১শ’ ২৯। এছাড়া পাকিস্তান ১শ’ ৩১ ও নেপাল রয়েছে ১শ’ ৩৬তম অবস্থানে। চীনের অবস্থান একশ আর শ্রীলঙ্কা ১শ’ ১৫তম। প্রথম তিনে রয়েছে হংকং, সিঙ্গাপুর ও নিউজিল্যান্ড।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























