বড় অঙ্কের অর্থের বিনিময়ে সাহাদাত হোসেনকে গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী পদে নিয়োগের অভিযোগ উঠেছে। নতুন মন্ত্রিসভায় শপথের দিনই তড়িঘড়ি করে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়। তবে নতুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জানিয়েছেন, তদন্তে দুর্নীতি অভিযোগ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে।

নতুন মন্ত্রিসভার শপথের কয়েক ঘণ্টা আগে তরিঘরি করে গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী পদে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাহাদাত হোসেনকে নিয়োগ দেন তখনকার গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। অথচ এ দায়িত্বে থাকা খোরশেদ আলমের মেয়াদ ছিল আরও ৩ দিন। সাহাদাতের নিয়োগে লঙ্ঘন করা হয়েছে জ্যেষ্ঠতাও।
পাশাপাশি, ২০০৪ সালে নোয়াখালীতে নির্বাহী প্রকৌশলী থাকার সময় সংসদ সদস্যদের প্লট বরাদ্দের অনিয়মে দুর্নীতি দমন কমিশনের অভিযোগপত্রে ছিল সাহাদাতের নাম। দেড় বছরের বেশি সময় বরখাস্তও ছিলেন তিনি। এসব বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি এই কর্মকর্তা।

তবে নতুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম জানিয়েছেন, প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তার চাকরি স্থায়ী না হওয়ায়, তদন্ত করছে মন্ত্রণালয়। এদিকে দুর্নীতিতে অভিযুক্ত কোনো কর্মকর্তাকে দিয়ে সরকারি কাজে স্বচ্ছতা আনা সম্ভব নয় বলছেন, টিআইবির নির্বাহী পরিচালক। নতুন মন্ত্রীর জন্য এটি একটি পরীক্ষা বলেও মনে করছেন তিনি।
নতুন মন্ত্রীও বলেছেন, জনগণের আবাসন ও গৃহায়নের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তাদের দুর্নীতি কোনোভাবেই বরদাশত করা হবে না।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























