হাজারো পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে মৌলভীবাজারের বাইক্কা বিল ও সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। রঙ-বেরঙের এসব পাখির সমারোহ দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে ভিড় করছেন প্রকৃতি ও পাখিপ্রেমীরা। পরিযারী পাখির সংখ্যা বাড়াতে নিরাপদ আবাসস্থলসহ বিল ও হাওর সংরক্ষনের দাবি জানিয়েছেন পরিবেশকর্মী ও স্থানীয়রা।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাখিদের অভয়াশ্রম হাইল হাওরের বাইক্কা বিল। পাখির কলকাকলিতে মুখরিত নির্জন বিলের একপ্রান্ত থেকে অপর প্রান্ত। এর সাথে হিজল, তমাল বনে বিলের স্থায়ী বাসিন্দা বেগুনি কালেম, বক, শালিক, চিল মুগ্ধ করছে পাখি প্রেমী দর্শনার্থীদের।

তবে কচুরিপানা, পদ্মপাতা ও বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ কমে যাওয়াসহ নানা অব্যবস্থাপনায় গতবারের তুলনায় এবার পরিযায়ী পাখির সংখ্যা কমেছে। একই অবস্থা দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরেও। সার্বক্ষণিক একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও আনসার বাহিনী যৌথভাবে পাহারা সত্ত্বেও দিনদিন পাখি শিকারিদের কারনে কমছে পাখির সংখ্যা।

তবে প্রশাসনের এই কর্মকর্তা বললেন, হাওরের জীববৈচিত্র রক্ষা ও পাখি শিকার রুখতে পুলিশ ও প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে।

প্রতিবছর নভেম্বর মাসের শুরুতেই সুদূর সাইবেরিয়া, অস্ট্রেলিয়া, চীন, মঙ্গোলিয়া, নেপালসহ বিভিন্ন দেশ থেকে,শীতের তীব্রতা থেকে বাঁচতে হাজার মাইল পাড়ি বাংলাদেশে আসে এসব পরিযায়ী পাখি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
বাড়ি পর্যটক ও পর্যটন পরিবেশ ও প্রকৃতি শীতে পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠে দেশের হাওর-বাওর খাল-বিলগুলো














