সাংবাদিকদের উদ্দেশে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আপনারা নির্ভয়ে কাজ করুন। কোনো হুমকি এলেই তথ্য মন্ত্রণালয়কে অবহিত করুন। শেখ হাসিনার সরকার গণমাধ্যমবান্ধব সরকার।

শুক্রবার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে গণমাধ্যম ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় বিএনপির সমালোচনা করে ইনু বলেন, নির্বাচনে বিএনপির নেতারা সম্পূর্ণ ব্যর্থ ও জনবিচ্ছিন্ন ছিলেন। অস্বাভাবিক পরিস্থিতি তৈরির উছিলা খুঁজে গয়েবি শক্তির হস্তক্ষেপের অপেক্ষায় নির্বাচনের দিকে মন না দিয়ে তারা ষড়যন্ত্রের পথে পা বাড়িয়েছে, এখন পিঠ বাঁচানোর জন্য মনগড়া অভিযোগের আশ্রয় নিয়েছে। তিনি বলেন, নির্বাচনে হারলেই ফল প্রত্যাখ্যান বিএনপির পুরোনো রাজনৈতিক বদঅভ্যাস। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের ফলও হারা মাত্র প্রত্যাখ্যান করে বিএনপি।

ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জাসদের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সংসদ সদস্য শিরীন আখতার, জাসদ স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, নুরুল আখতার, নাদের চৌধুরী, সহ-সভাপতি আফরোজা হক রীনা প্রমুখ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে