দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে প্রার্থিতার বৈধতা প্রশ্নে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট। খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন এমন আদেশ দিয়েছেন বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। অন্যদিকে, প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন বিচারপতি ইকবাল কবির।
রিটার্নিং কর্মকর্তার কার্যলয়ে বাতিল হওয়ার পর প্রার্থিতা ফিরে পেতে নির্বাচনে কমিশনে আপিল করেন খালেদা জিয়া। তবে, সেখানেও ৩টি আসনেই তার প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়। এরপর নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার পক্ষে গত ৯ ডিসেম্বর হাইকোর্টে তিনটি রিট দায়ের করা হয়। শুনানি শেষে বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ খালেদা জিয়ার প্রার্থিতা বৈধ বলে মত দেন। তবে, বিচারপতি ইকবাল কবীর খালেদা জিয়ার মনোনয়ন অবৈধ বলেন। নিয়ম অনুযায়ী এখন প্রধান বিচারপতি রিট নিষ্পত্তির জন্য তৃতীয় বেঞ্চে পাঠাবেন।

দণ্ডিত কাউকে নির্বাচন করতে দেয়া অসাংবিধানিক বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। এ বিষয়ে প্রধান বিচারপতি গঠিত তৃতীয় বেঞ্চ দ্রুত রায় দেবেন বলে আশা করছেন তিনি। খালেদা জিয়া বগুড়া-৬ ও ৭ এবং ফেনী-১ আসনে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু দুর্নীতি মামলায় দণ্ডিত হওয়ায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা তার প্রার্থিতা বাতিল করেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























