একাদশ সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট ও ২০দলীয় জোটের শরিকদের ৫৮টি আসন ছেড়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিএনপি। এরমধ্যে ঐক্যফ্রন্টের জন্য ১৯টি আর বিশদলীয় জোটের শরিকদের ৩৯টি আসন দেয়া হয়। বাকি ২৪২টি আসনে নিজেদের একক প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের ছেড়ে দেয়া আসনগুলোর মধ্যে নিবন্ধিত দলের ২৬জন লড়বেন ধানের শীষ প্রতীকে।

গেলো কয়েকদিনে দফায় দফায় বৈঠক, দেনদরবার শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি। শেষ পর্যন্ত ২০ দলীয় জোটের শরিক ও ফ্রন্টের শরিকদলগুলোর সাথে সমঝোতার ভিত্তিতে ৫৮টি আসন ছেড়ে দেয় বিএনপি। এরমধ্যে ঐক্যফ্রন্টের শরিকদের যে ১৯টি আসন দেয়া হয়েছে তার মধ্যে গণফোরাম পেয়েছে সাতটি, জেএসডি চারটি, নাগরিক ঐক্য ৪টি ও কৃষক শ্রমিক জনতা লীগ পেয়েছে ৪টি।

শরিকদের বাকি ৩৯টি আসনের মধ্যে সদ্য নিবন্ধন হারানো জামায়াতের ভাগে গেছে ২২টি। বাকি ১৬টি বিশদলের অন্যান্যদের। এরমধ্যে এলডিপি পেয়েছে পাঁচটি, খেলাফত মজলিস দুইটি, জমিয়তে উলামায়ে ইসলাম ৩টি, কাজী জাফরের জাতীয় পার্টি দুইটি, লেবার পার্টি, পিপিবি, এনপিপি বিজেপি ও কল্যাণ পার্টি পেয়েছে একটি করে আসন।

আবার শরিকদের ছেড়ে দেয়া আসনগুলোর মধ্যে নিবন্ধিত দলগুলোর ২৬ জন লড়বেন ধানের শীষের প্রতীক নিয়ে। এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমদ নিজস্ব প্রতীক ছাতা ও কক্সবাজার-২ আসনে স্বতন্ত্র হয়ে লড়বেন জামায়াতের প্রার্থী।

এদিকে, দলীয় মনোনয়ন না পেয়ে রোবববারও গুলশানে বিএনপি চেয়ারপার্সনের  কার্যালয়ের সামনে দিনভর বিক্ষোভ করে মনোনয়ন বঞ্চিত নেতাদের কর্মী সমর্থকেরা।  নেতাকর্মীদের এমন বিক্ষোভকে স্বাাভাবিক দাবি করে শিগগিরই তার নিরসন হবে বলে জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে