জালিয়াতি, চুরি ও অনিয়মের কারনে গত এক দশকে সাড়ে ২২ হাজার কোটি টাকা বেহাত হয়ে গেছে দেশের ব্যাংকিং খাত থেকে। বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি’র একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এসময় ব্যাংকিং খাতের সমস্যাগুলো চিহ্নিত করতে নাগরিক সমাজের পক্ষ থেকে একটি কমিশন গঠনের ঘোষণা দেয়া হয় সিপিডির পক্ষ থেকে।

দেশের ব্যাংকিং খাতে খেলাপী ঋণের সংস্কৃতি ও সার্বিক অনিয়ম নিয়ে এই সেমিনারের আয়োজক বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। এসময় প্রতিষ্ঠানটি ব্যাংকিং খাতের ওপর একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। যাতে বলা হয়েছে, জালিয়াতি, আত্মসাৎ ও অনিয়মের কারণে এ পর্যন্ত সাড়ে ২২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। যা বাংলাদেশের মোট রাজস্ব আয়ের প্রায় ৪০ ভাগের সমান।
অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকিং খাত ভুলভাবে পরিচালিত হওয়ায় আস্থা কমছে সাধারণ মানুষের। এ থেকে বেরিয়ে আসতে রাজনৈতিক অঙ্গীকার জরুরী। এজন্য, ব্যাংকের পরিচালনা পর্ষদের আইন লঙ্ঘনের প্রবণতা, কর্মকর্তাদের পেশাদারিত্বের অভাব, বাংলাদেশ ব্যাংকের দুর্বলতা ও ঋণ প্রদানে রাজনৈতিকভাবে প্রভাব খাটানোর মতো কারণগুলোকে দায়ি করলেন সেমিনারের বক্তারা।
এসময়, ব্যাংক খাতের সংকট নিরসনে নাগরিক সমাজের পক্ষ থেকে একটি কমিশন গঠনের ঘোষণা দেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য্য। এই কমিশনের সুপারিশ নতুন সরকারের কাছে তুলে ধরবে সিপিডি।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ



















