পোশাক খাতের উন্নয়নে কারখানা মালিকদের সঙ্গে কাজ করবে পোশাক প্রস্তুতকারীদের বৈশ্বিক সংগঠন…ইন্টারন্যাশনাল অ্যাপারেল ফেডারেশন- আইএএফ। পণ্যের যৌক্তিক দাম নির্ধারণে প্রয়োজনে বিদেশি ক্রেতাদের সঙ্গে বৈঠক করবে তারা। কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে বৃহস্পতিবার বিকেলে তৈরি পোশাক রপ্তানিকারকদের এ আশ্বাস দেন আইএএফ প্রতিনিধিরা।
রানা প্লাজা দুর্ঘটনার পর পোশাক কারখানার পরিবেশে উন্নয়নে কার্যক্রম শুরু করে ইউরোপ এবং আমেরিকার ক্রেতাদের দুই জোট…অ্যাকর্ড ও অ্যালায়েন্স। তবে এরই মধ্যে তাদের কাজের নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে। এমন পরিস্থিতিতে কারখানা মালিকদের আমন্ত্রণে সহায়তা দিতে রাজি হয়েছে ইন্টারন্যাশনাল অ্যাপারেল ফেডারেশন..আইএএফ। সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে বৃহস্পতিবার পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সঙ্গে বৈঠক করেন আইএএফ প্রতিনিধিরা। পরে বিজিএমইএ সভাপতি জানান, আইএএফ-বিজিএমইএ একসঙ্গে কাজ করলে আন্তর্জাতিক পর্যায়ে টেকসই বাজার তৈরি হবে।
বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকের প্রতি আরো আগ্রহ তৈরিতে সহায়তার আশ্বাস দেন আইএএফ সভাপতি। চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধের কারণে পোশাক খাতে বাংলাদেশের রপ্তানি সুযোগ বেড়েছে বলেও মন্তব্য করেন আইএএফ সভাপতি।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ



















