খেলাপি ঋণ বাড়তে থাকায় দেশের ব্যাংক খাতের ভবিষ্যৎ অবস্থা নেতিবাচক বলে আভাস দিয়েছে আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী প্রতিষ্ঠান মুডিস। সম্প্রতি মুডিসের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অর্থনীতি অনেক ভালো হলেও ব্যাংকিং খাতের অবস্থা নাজুক।
মুডিস বলছে, বাংলাদেশের অর্থনীতিতে তেজিভাব থাকার পরও ব্যাংক খাত দুর্বল অবস্থায়। এর অন্যতম কারণ সম্পদের গুণগত মানের চরম অবনতি। ব্যাংক পরিচালনার পরিবেশ, সম্পদ ঝুঁকি, মূলধন, মুনাফা ও দক্ষতা, অর্থায়ন ও তারল্য এবং সরকারি সহায়তা, এই ছয়টি চলকের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করেছে মুডিস।
এর মধ্যে ব্যাংক পরিচালনার পরিবেশ, অর্থায়ন ও তারল্য এবং সরকারি সহায়তা সূচককে স্থিতিশীল বলছে সংস্থাটি। আর সম্পদ ঝুঁকি, মূলধন এবং মুনাফা ও দক্ষতা সূচককে নেতিবাচক বলে উল্লেখ করা হয়েছে। খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে সামনের দিনগুলিতে ঝুঁকির পরিমাণ আরো বাড়বে বলে মনে করছে সংস্থাটি।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



















