রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে নিজের পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে আসা যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

বৃহস্পতিবার বিকেলে মিলার বঙ্গভবনে যান। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “নব নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।” আবদুল হামিদ রাষ্ট্রদূতকে দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে সর্বাত্মক প্রয়াস চালানোর আহ্বান জানান।

তার দায়িত্ব পালনকালে এই সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। নতুন দায়িত্ব নিতে রোববার ঢাকায় পৌঁছান মার্কিন কূটনীতিক রবার্ট মিলার। মিলার ২০১৪ সাল থেকে আফ্রিকার দেশ বতসোয়ানায় যুক্তরাষ্ট্র মিশনের দায়িত্ব সামলে আসছিলেন। ঢাকায় তিনি রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের স্থলাভিষিক্ত হলেন। বার্নিকাট বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের নেতৃত্ব দেন সাড়ে তিন বছর। প্রেসিডেন্ট ট্রাম্প গত জুলাই মাসে মিলারকে ওই পদের জন্য মনোনীত করেন। গত ১১ অক্টোবর যুক্তরাষ্ট্রের সিনেট তার নিয়োগ অনুমোদন করে।

নতুন মার্কিন দূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাকে গার্ড অব অনার দেয়।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে