দলের কেউ বিদ্রোহী প্রার্থী হলে আজীবনের জন্য বহিষ্কারের কড়া হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জাতীয় নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে কে বড় অথবা কে ছোট নেতা.. তা গুরুত্ব পাবে না বলেও জানিয়েছেন তিনি। জরিপে যারা এগিয়ে আছেন, তারাই পাবেন নৌকা প্রতীক। গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা দেখা করতে গেলে এ কথা বলেন শেখ হাসিনা।

দলীয় মনোনয়ন পেতে চার হাজার ২৩ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দলের সংসদীয় কমিটিতে সাক্ষাৎকার দিতে বুধবার সকালে তারা যান আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে। পরে দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে মনোনয়ন প্রত্যাশীরা গণভবনে যান। এ সময় দলীয় ঐক্য ধরে রাখার কঠোর নির্দেশ দেন শেখ হাসিনা।

দলের দুঃসময়ে, বিশেষ করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখা নেতাদের মূল্যায়ন করা হবে বলে জানান আওয়ামী লীগ সভাপতি। আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াতকে পরাজিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

এবার মনোনয়নপ্রত্যাশীদের একটি বড় অংশই উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র। আছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরাও। তবে প্রধানমন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ীরা সংসদ নির্বাচনে প্রার্থিতার মনোনয়ন পাবেন না। এ সময় আওয়ামী লীগের হাইকমান্ডের সিদ্ধান্ত নেয়ার অঙ্গীকার করেন মনোনয়ন প্রত্যাশীরা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে