চাঁপাইনবাগঞ্জের জহুরপুর টেক সীমান্তে এক বাংলাদেশি গরুর রাখালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। নিহত ডালিম মাঝি (২৩) শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের নিশিপাড়া গ্রামে মংলু মাঝির ছেলে।
নারায়নপুর ইউপি চেয়ারম্যান কামাল উদ্দীন হুদা ও স্থানীয়রা জানান, শনিবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার জোহরপুর টেক সীমান্তের আর্ন্তজাতিক মেইন সীমান্ত পিলার ১৯/৪ এলাকা দিয়ে গরু আনতে যায় একদল বাংলাদেশি রাখাল। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পাতলাটোলা ক্যাম্পের জওয়ানরা ডালিমকে ধরে ফেলে এবং রাইফেল দিয়ে পিটিয়ে হত্যা করে।
পরে নিহত ডালিমের সাথে থাকা সঙ্গীরা লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। পাঁকা ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডালিমকে হত্যার পর ভারতীয় সীমান্তের ৩ কিলোমিটার অভ্যন্তরে লাশ ফেলে রাখে বিএসএফ। সেখান থেকে আজ রোববার ভোর ৬টার দিকে বাড়িতে নিয়ে আসেন ডালিমের কয়েকজন সহযোগী।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, বিষয়টি আমরা শুনেছি কিন্তু নিশ্চিত নই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতের দেহে কোন গুলির চিহ্ন ছিল না। তবে আঘাতের চিহ্ন আছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























