নির্বাচন বানচালের চক্রান্ত রুখে দাড়াও, গনতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখো’ এই শ্লোগানে জাসদ মনোনীত ১৪ দলের মনোনয়ন প্রত্যাশী কুষ্টিয়া-৪ আসনে রোকনুজ্জামান রোকনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি জনাব হাসানুল হক ইনু এমপি। প্রধান বক্তা ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক রোকনুজ্জামান রোকন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বাংলাদেশ জাতীয় নারী জোটের সভাপতি ও কেন্দ্রীয় জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আফরোজা হক রিনা, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি হাজী গোলাম মহসিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারখালী উপজেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হান্নান ও পরিচালনা করেন সাধারন সম্পাদক এ্যাড. জয়দেব বিশ্বাস। জনসভায় জাসদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনসভায় অংশ গ্রহনের পুর্বে তথ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন বাংলাদেশে এই মুহূর্তে আইনগত ও সাংবিধানিকভাবে নিবন্ধিত কোন রাজনৈতিক দলের নির্বচনে অংশগ্রহন করতে কোন বাঁধা নাই। ঐক্যফ্রন্টের নেতারা বার বার ৭ দফার কথা বলছেন এবং সংবিধানের ভিতরেই ১২৩ ধারা উল্লেখ করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করার প্রস্তাব মাঠে রেখেছেন। তিনি বলেন, আমি ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের কাছে বিনয়ের সাথে জানতে চাই, রাজবন্দীর সংজ্ঞা কি? রাজবন্দীর তালিকা কিভাবে তৈরী করবেন? রাজবন্দীর তালিকায় কাদের কাদের নাম থাকবে? রাজনৈতিক মামলার সংজ্ঞা কি? নিরপেক্ষ ও নির্দলীয় ব্যক্তি খুঁজে বের করার প্রক্রিয়াটি কি? এবং সংবিধানের কোন জায়গায় নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তিকে প্রধানমন্ত্রী বানানোর বিধান আছে। সশস্ত্র ব্যক্তিকে বিচারিক ক্ষমতা দেওয়ার নিয়ম আইনের শাসন এবং গনতন্ত্রের সাথে যায় কি না।
জনসভায় জাসদ নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেয়।
প্রিতম মজুমদার,
ইসলামী বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইম্স নিউজ



























