বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভিজিট করা ওয়েবসাইটগুলোর মধ্যে জনপ্রিয় ওয়েবপোর্টাল ইয়াহুকে সরিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে যুগান্তর ডটকম ।www.jugantor.com। বাংলাদেশি ওয়েব পোর্টালের মধ্যে এ অবস্থান দ্বিতীয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক আন্তর্জাতিক অনলাইন র্যাংকিং প্রতিষ্ঠান অ্যালেক্সার সর্বশেষ র্যাংকিংয়ে (শনিবার রাতে) এ চিত্র উঠে এসেছে।
প্রকাশিত তথ্যে জানা যায়, পাঠকদের ৬৮.২ শতাংশ বাংলাদেশের। বাকিরা বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাংলা ভাষার মানুষ। যুগান্তরের পাঠকদের মধ্যে রয়েছে যুক্তরাজ্যের ৪.৮, যুক্তরাষ্ট্রের ৪.২ শতাংশ। বৈশ্বিক ওয়েবসাইটগুলোর মধ্যেও যুগান্তর অনলাইনের অভাবনীয় উন্নতি হয়েছে। ইন্টারন্যাশনাল ইন্টারনেট রিচার্স প্রতিষ্ঠান নেটক্র্যাফটের তথ্যমতে, বর্তমানে বিশ্বে মোট সক্রিয় ওয়েবসাইট রয়েছে ২০ কোটিরও বেশি। অ্যালেক্সা বলছে, বিশ্বের সব ওয়েবসাইটের মধ্যে যুগান্তর এক হাজার ৫৪৩তম স্থানে রয়েছে।
গুগল অ্যানালাইটিকের তথ্য অনুযায়ী, যুগান্তর অনলাইনে প্রতি মাসে ৫০ লক্ষাধিক পাঠক আসেন এবং মাসে পেজভিউ হয় চার কোটির বেশি। বিশ্বের ১৯৬টি দেশ থেকে ব্রাউজ হচ্ছে যুগান্তর ডটকম। বিশ্বের কম পরিচিত দেশ গ্রানাডা, ভানুয়াতু, তাহিতি, মন্টিনেগ্রো, টোগোর মতো দেশ ছাড়াও প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ নানা দেশে বাঙালি পাঠকের কাছে যুগান্তর অনলাইন ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। আন্তর্জাতিক র্যাংকিংয়ে প্রতিনিয়ত এগিয়ে চলেছে যুগান্তর।
পাঠকদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম বলেন, পাঠকই আমাদের প্রাণ। যুগান্তরের সাহসী ভূমিকার কারণে আজ যুগান্তর বাংলাদেশের জনগণের হৃদয়ে এক প্রতিবাদী গণমাধ্যমের নাম। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে যুগান্তর আজ এই অবস্থানে এসেছে। এ দেশের মাটি ও মানুষের কাছে যুগান্তর অঙ্গীকারবদ্ধ। সত্যের সন্ধানে যুগান্তর এগিয়ে যাবে। এই পথ চলা নিরন্তর। আমাদের যেতে হবে আরও অনেক দূর।
তিনি বলেন, যুগান্তরের এই পাঠকপ্রিয়তা অর্জনের মূল কারণ যুগান্তর সাদাকে সাদা আর কালোকে কালো বলতে ভয় পায় না। সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তর তাই পাঠকের অন্তরজুড়ে জায়গা করে নিয়েছে। যুগান্তর আধুনিক বিশ্বের উপযোগী বিভিন্ন সংবাদ তাৎক্ষণিকভাবে পরিবেশন করছে। সাইফুল আলম আরও বলেন, যুগান্তরের সাংবাদিকরা দেশের পরতে পরতে লুকিয়ে থাকা খবর যেমন বের করে উপস্থাপন করছে, তেমনি ঘটে যাওয়া যে কোনো খবর প্রকাশ করছে সবচেয়ে দ্রুততায়। আন্তর্জাতিক খবরকেও বিশেষ গুরুত্ব দেয় যুগান্তর।
খবরের পাশাপাশি নানা বিশ্লেষণ আর বিষয় বৈচিত্র্যের কারণেই পাঠকরা প্রতিদিন ঘুম থেকে উঠে যুগান্তর পড়েন আর দেশ-বিদেশের বিভিন্ন সংবাদ দেখে ঘুমাতে যান। ফেসবুকে বর্তমানে যুগান্তরের ফ্যান পেজের সঙ্গে যুক্ত রয়েছেন ৬১ লাখ ব্যবহারকারী। টুইটার, গুগল প্লাসসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমেও যুগান্তরের সরব উপস্থিতি রয়েছে।
নিউজ ডেস্ক।।বিডি টাইম্স নিউজ





























