বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো সম্প্রচার করা যাবে, এমনটাই আশা করছে স্যাটেলাইট কোম্পানি বিসিএসসিএল। তবে বর্তমানে বিদেশি স্যাটেলাইট কোম্পানির সঙ্গে চুক্তি রয়েছে চ্যানেলগুলোর। যা রদ করে দেশি স্যাটেলাইটের সেবা নেয়া সম্ভব নয় বলে জানালেন সংশ্লিষ্টরা। এই সমস্যার সন্তোষজনক সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছে স্যাটেলাইট কোম্পানি।

বর্তমানে বিদেশি কোম্পানি থেকে ব্যন্ডউইডথ ভাড়া নিয়ে সম্প্রচার কার্যক্রম চালাচ্ছে দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন। এখন দেশের নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ মহাকাশে। দেশি টেলিভিশন চ্যানেলগুলোও এই স্যাটেলাইটের সেবা নিতে আগ্রহী। তবে প্রযুক্তিগত কারণে দেখা দিয়েছে কিছু জটিলতা। বঙ্গবন্ধু স্যাটেলাইটে সংকেত পাঠাতে যোগ করতে হবে নতুন যন্ত্রপাতি, যা সময় সাপেক্ষ এবং এজন্য বড় বিনিয়োগও দরকার।
অন্যদিকে, স্যাটেলাইট থেকে সংকেত নেয়ার জন্য ক্যাবল অপারেটরদেরও সংযোজন করতে হবে নতুন যন্ত্রপাতি। রিসিভারে সংযোজন করতে হবে নতুন স্যাটেলাইটের তথ্য, সেটিও সময় সাপেক্ষ। তবে বঙ্গবন্ধু স্যাটলাইটের সেবার মান ভালো হবে- আশা করছেন টেলিভিশন চ্যানেলের কর্মকর্তারা। এসব সমস্যা বিবেচনায় বিকল্প হিসেবে গাজীপুর গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে টেলিভিশনগুলোর সিগন্যাল পাঠানোর কথা ভাবছে বিসিএসসিএল।

বিসিএসসিএল চেয়ারম্যান জানান, টেলিভিশনগুলোর বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সেবা নেয়া বন্ধ করতে রাষ্ট্রীয়ভাবে চেষ্টা করা হবে। তা সম্ভব না হলেও বিকল্প ব্যবস্থা করা হবে। বিদেশি স্যাটেলাইটের প্রতি মেগাহার্জ ব্যান্ডউইথের ভাড়া গড়ে তিন লাখ ৩৫ হাজার টাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইটের ক্ষেত্রে এই মূল্য কম হবে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























