বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার পাশে থাকবে ভারত সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা। অন্যদিকে অবাধ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দেয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। আর ওবায়দুল কাদের বলছেন, নির্বাচন সুষ্ঠু করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
ভারতের রাষ্ট্রদূত পরে সাংবাদিকদের বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তবে বন্ধুপ্রতিম প্রতিবেশী হিসেবে ভারত চায় বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক। দুপুরে একই জায়গায় ওবায়দুল কাদেরর সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। নভেম্বরে বাংলাদেশ ছাড়ছেন জানিয়ে বার্নিকাট রাজনৈতিক দলগুলোর সুসম্পর্কের ওপর জোর দেন।
রাজধানীর সেতুভবনে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা। লাইন অব ক্রেডিটের আওতায় ভারত থেকে ট্রাক-বাস আনার আলোচনার পাশাপাশি একাদশ সংসদ নির্বাচন নিয়েও এ সময় আলোচনা হয়। দুই দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলাসহ বেশকিছু ঘটনা দেশের রাজনৈতিক দলগুলোর সুসম্পর্কের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করেছে। ভিন্নমত পোষণের কারণে আওয়ামী লীগ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের পদত্যাগ চায়নি বলেও জানান ওবায়দুল কাদের। দলের কোনো নেতা এটি চেয়ে থাকলে সেটি তার ব্যক্তিগত অবস্থান বলেও মন্তব্য করেন তিনি।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























