খালেদা জিয়ার মুক্তিসহ সাত দফা দাবি ও ১১টি লক্ষ্য ঘোষণার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে জাতীয় ঐক্য ফ্রন্ট। দিনভর নাটকীয়তার পর সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
ড. কামাল হোসেনের নেতৃত্বে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো জাতীয় ঐক্যফ্রন্টের। জোটে রয়েছে মধ্যে নাগরিক ঐক্য, গণফোরাম, আ স ম আব্দুর রবের নেতৃত্বাধীন জাসদ। জোটে বিএনপি থাকলেও নেই বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা।
জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে ৭ দফা দাবি ও ১১টি লক্ষ্য ঘোষণা করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সাত দফা দাবির মধ্যে আছে, নির্বাচনের আগে সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা, খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, নির্বাচন কমিশন পুনর্গঠন করা, ইভিএম ব্যবহার না করা, নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক রাখা ও সব ধরনের মামলা স্থগিত রাখা এবং নতুন মামলা না দেয়া। এছাড়া, সংসদে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা, ন্যায়পাল নিয়োগ করার কথা উল্লেখ করে ১১টি লক্ষ্যও রাখা হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, সাত দফা দাবি আদায় না করে তারা ঘরে ফিরবেন না। কোনো দলের স্বার্থ রক্ষায় নয়, জাতীয় স্বার্থেই এই ঐক্য করা হয়েছে বলে দাবি করেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার উদ্যোক্তা ড. কামাল হোসেন। ঐক্যফ্রন্ট গঠনের ঘোষণার এই সংবাদ সম্মেলনে ছিলেন না বিকল্পধারার কোনো প্রতিনিধি।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























