দেশে প্রচারিত বিদেশী টিভি চ্যানেলে বেআইনিভাবে দেশি-বিদেশি বিজ্ঞাপন প্রচার বন্ধের দাবি জানিয়েছেন বেসিরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন-অ্যাটকো। সন্ধ্যায় রাজধানীর গুলশানে অ্যাটকোর নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে সাংবাদিকদের তিনি জানান টিআরপির জন্য আলাদা প্রতিষ্ঠান গঠনে প্রধানমন্ত্রীর নির্দেশনা চাইবেন তারা।
দেশের বেসিরকারি টেলিভিশন চ্যানেলের নানাবিধ সমস্যা নিয়ে বৈঠকে বসেন মালিকদের সংগঠন-অ্যাটকো। সভায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিক ও প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠক শেষে অ্যাটকোর সভাপতি সালমান এফ রহমান সংবাদিকদের জানান, দেশে প্রচারিত বিদেশী টিভি চ্যানেলে বেআইনিভাবে দেশি-বিদেশি বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশি চ্যানেল। এ ব্যাপারে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করবেন বলেও জানান অ্যাটকো সভাপতি।
সভায় ডিজিটাল নিরাপত্তা আইন নিয়েও আলোচনা হয়। এই আইনে সাংবাদিকদের সুরক্ষা দিতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানায় টিভি মালিকদের সংগঠন। আগামী ৩০শে অক্টোবর অ্যাটকোর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয় সভায়।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ





























