মংলা বন্দরে কনটেইনার সংকটে বাধাগ্রস্ত হচ্ছে আমদানি রপ্তানি। এতে বাধ্য হয়ে ব্যবসায়ীদের নির্ভরশীল হতে হচ্ছে চট্টগ্রাম বন্দরের ওপর। ফলে একদিকে যেমন পরিবহন ব্যয় বাড়ছে, অন্যদিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দক্ষিণাঞ্চলের ব্যবসায়ীরা।
খুলনা থেকে মাত্র ৪৬ কিলোমিটার দূরে দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলা। এই বন্দর দিয়ে সবচে বেশি রপ্তানি হয় পাটজাত পণ্য ও হিমায়িত চিংড়ি।কিন্তু বন্দরে চাহিদামত কন্টেইনার না পাওয়ায় খুলনা থেকে সাড়ে ৩শ’ কিলোমিটার দূরে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। কন্টেইনার হ্যান্ডেলিং কমে যাওয়ার কারণ হিসেবে পণ্য পরিবহনে ভাড়া বেশি, কাস্টমসের অসহযোগিতা, অনিয়ম এবং হয়রানীকেই দায়ী করেছেন ব্যবসায়ীরা। তবে মোংলা বন্দর কর্তৃপক্ষের দাবি, কন্টেইনার হ্যান্ডেলিং সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আমদানি-রপ্তানিতে সমন্বয় তৈরিতে কাজ করছেন তারা।
মোংলা বন্দরের সূত্র অনুযায়ী, গত ৫ বছরে কন্টেইনার হ্যান্ডেলিং কমেছে ৩৫ দশমিক ৭৬ শতাংশ। ২০১৪-১৫ অর্থ বছরে কন্টেইনার হ্যান্ডেলিং ছিল ৪২ হাজার ১৩৭ টিইউজ যা কমে গত অর্থবছরে হয়েছে ২৬ হাজার ৯৫২ টিইউজ।
ইন্ডিপেনডেন্ট অনলাইন



























