আবার বাসচাপায় প্রাণ হারালেন দুই কলেজ শিক্ষার্থী।ঘটনাটি ঘটেছে আজ রাজধানীর কুর্মিটোলায় আহত হয়েছেন ১২ জন এর মধ্যে ৬ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে সম্মিলিত সামরিক হাসপাতালে। তারা সবাই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে কলেজ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বেশ কিছু গাড়ি ভাংচুর করেন।
নিহতদের একজন বাবা-মায়ের বড় মেয়ে একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম নূর। আরেকজন নোয়াখালীর হাতিয়া থেকে ঢাকায় পড়তে এসেছিলেন দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম। থাকতেন মেসে। তার মৃত্যু খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বন্ধুরা।সহপাঠীদের ভাষ্যমতে, কলেজ ছুটির পর বেলা সাড়ে ১২টার দিকে কুর্মিটোলা হাসপাতালের সামনে বাসের অপেক্ষায় ছিলেন করিম-দিয়া। এসময় জাবালে নূর পরিবহনের দুটি বাস নিজেদের ভেতর প্রতিযোগিতা করতে গিয়ে একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় তাদের।
দুর্ঘটনার পরপরই আহত ১৪ জনকে নেয়া হয় কুর্মিটোলা হাসপাতালে। সেখানে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ছয় জনকে নেয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। বাকিদের দেয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা।বন্ধুদের মৃত্যুর খবর পেয়ে সড়কে নেমে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ভাঙচুর করা হয় অন্তত ৩০টি গাড়ি। দুর্ঘটনার পর জব্দ করা হয়েছে জাবালে নূরের দুটি বাস সহ একজন কর্মীকে আটক করা হয়েছে।
নিউজ ডেস্ক



























