দিনাজপুরের বড়পুকুরিয়া খনিতে কয়লা চুরির মামলায় তদন্ত কর্মকর্তা নিয়োগ চেয়ে দুদকে নথি পাঠানো হয়েছে। জেলা কার্যালয়ের উপপরিচালক বেনজির আহমেদ জানান, বুধবার সন্ধ্যায় জরুরিভিত্তিতে ওই নথি ঢাকায় প্রধান কার্যালয়ে পাঠানো হয়।
তিনি আরো জানান, দুর্নীতি দমন আইনের ওই মামলাটি তদন্তের অনুমতিসহ তদন্ত কর্মকর্তা নিয়োগের আবেদন করা হয়েছে। মঙ্গলবার ১ লাখ ৪৪ হাজার ৬৪৪ মেট্রিক টন কয়লা চুরির অভিযোগে দিনাজপুরের পার্বতীপুর মডেল থানায় ১৯ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন খনির মহাব্যবস্থাপক আনিছুর রহমান।
এদিকে খনির শীর্ষ ১৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনার পর খনির কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। তদন্তে নাম বেরিয়ে মামলার জড়িয়ে পড়ার আশঙ্কায় ভুগছেন কয়লা চুরির টাকায় ভাগ পাওয়া কর্মকর্তারা। নতুন ফেসের কাজের জন্য খনিতে কয়লা তোলা বন্ধ থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে খনির দাপ্তরিক কাজেও ভাটা পড়ছে।
অনলাইন ডেস্ক



























