চলতি মাসের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের জন্য ১৮ হাজার টাকা মজুরি ঘোষণার দাবিতে সোচ্চার হয়েছে বাংলাদেশের গার্মেন্টস খাতের শ্রমিকদের বিভিন্ন সংগঠন। এ দাবিতে বিবৃতি প্রচার, বিক্ষোভ সমাবেশ, মানবনন্ধন এমনকি প্রতীকী অনশন করেছে শ্রমিক সংগঠনগুলো।

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা ঘোষণা করার দাবিতে  গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট আজ (বুধবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ আয়োজন করে।গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, গত ১৬ জুলাই পোশাক শ্রমিকদের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষের প্রতিনিধি ৬৩৬০ টাকা এবং সরকার মনোনীত শ্রমিকপক্ষের প্রতিনিধি ১২০২০ টাকা নিম্নতম মজুরি প্রস্তাব করেছেন। মজুরি বোর্ড দাখিলকৃত এই মজুরি প্রস্তাবনায় পোশাক শ্রমিকদের দীর্ঘদিনের দাবি উপেক্ষিত হয়েছে।

মালিকপক্ষের প্রস্তাবনা প্রমাণ করে মজুরি বোর্ড গঠনের জন্য মালিকদের অনুরোধ ছিল প্রকৃতপক্ষে সরকারকে বিভ্রান্ত করে শ্রমিকদের ন্যায্যতা আড়াল করার ষড়যন্ত্রের অংশ।তারা আরও জানান, সরকারি পে-স্কেল, শ্রমিকের জীবনযাপন ব্যয়, উৎপাদন খরচ, কাজের ধরন ও ঝুঁকি, শ্রম আইনের নির্দেশনা, আইএলও (আন্তর্জাতিক শ্রম সংস্থা) কনভেনশন অনুসারে মজুরি নির্ধারণের বিবেচনা এবং প্রতিযোগী দেশে শ্রমিকদের মজুরি বিবেচনা করে শ্রমিকদের নিম্নতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণ করার দাবিতে ইতিপূর্বে মজুরি বোর্ডে স্মারকলিপি দেয়া হয়েছে। এ প্রসঙ্গে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, শ্রমিকরা পাঁচ বছর আগের মজুরি হারে যে বেতন পাচ্ছে তাতে বর্তমান বাজার দরে তাদের সংসার চালানো সম্ভব হচ্ছে না। তাই আন্দেোলনের মুখে নতুন মজুরি বোর্ড গঠন হলেও মালিকরা সেটা নিয়ে টালবাহানা করছে যাতে এ বছর তারা মজুরি না বাড়িয়েই পার পেয়ে যায়।

মোশরেফা মিশু হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে শ্রমিকদের দাবি অনুযায়ী নিম্নতম নতুন মজুরি ঘোষণা না করা হলে সারা দেশে ধর্মঘট বা অবরোধের মতো ব্যাপক কর্মসূচী দেয়া হবে।উল্লেখ্য, পোশাক খাতের বেশিরভাগ শ্রমিক সংগঠনগুলো  দীর্ঘদিন ধরে নিম্নতম ১৬ হাজার টাকা মজুরির দাবি জানিয়ে আসছে। সে প্রক্ষিতে গত ২৯ জানুয়ারি গার্মেন্টস খাতের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের লক্ষ্যে মজুরি বোর্ড গঠন করে দেয় সরকার।

হুমায়রা তাবাসসুম
নিউজ দডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে