রোহিঙ্গাসহ মাদক, সন্ত্রাস ও সীমান্ত নিয়ে সৃষ্ট জটিলতা সংক্রান্ত সকল সমস্যা সমাধানে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। বলেছেন, আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করা হবে।

বাংলাদেশ-ভারত সংশোধিত ট্রাভেল অ্যাগ্রিমেন্ট ২০১৮ সই হয়েছে। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে চুক্তিটি সই হয়। পরে বৈঠক সম্পর্কে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানান, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে ভারত।দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয়েছে। পরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন জানান, দুই দেশের সম্পর্ক খুব ভালো পর্যায়ে রয়েছে, দুদেশের সীমান্তে কোনো সমস্যা নেই বলেও জানান তিনি। সমঝোতার মাধ্যমে অতীতের মতো ভবিষ্যতেও সব সমস্যার সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে। সকাল সাড়ে দশটায় বৈঠকে যোগ দেন বাংলাদেশের ১৫ ও ভারতের ৯ সদস্যের প্রতিনিধি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ভারতের বিরুদ্ধে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনায় ব্যবহার করতে দেয়া হবে না। বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলেও জানান তিনি।দু’দেশের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রীর বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, অপরাধমূলক কর্মকাণ্ড দমনে সহযোগিতা এবং ভ্রমণ সংক্রান্ত বিষয়কে গুরুত্ব দেয়া হয়েছে। বৈঠকে বাংলাদেশের ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আর ৯ সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দুই দেশের ভিসা প্রক্রিয়া সহজ করতে দুই স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে সংশোধিত ‘ট্র্যাভেল এগ্রিমেন্ট-২০১৮’ শীর্ষক চুক্তি স্বাক্ষর হয়েছে।

এর আগে রাজনাথ সিং, ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। সেখানে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিন দিনের সফর শেষে দুপুরে ঢাকা ছাড়বেন রাজনাথ সিং।

আদনান রহমান সৌরভ
নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে