তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সন্ধ্যা ৬টার দিকে বিশেষ ফ্লাইটে ১২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় অবতরণ করেন তিনি, অতিথিকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। সেখানে থেকে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী চলে যান সোনারগাঁও হোটেলে।

ঢাকায় অবস্থানকালে আগামীকাল শনিবার সকালে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করবেন রাজনাথ সিং। এছাড়া রাজধানীর বারিধারায় যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন করবেন রাজনাথ সিং। এরপর রাজশাহীতে সারদা পুলিশ একাডেমিতে ভারত-বাংলাদেশ মৈত্রী ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
সফরের তৃতীয় দিন রবিবার সকালে, ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করবেন রাজনাথ সিং। পরে দুপুরে, স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন তিনি। বৈঠকে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে সহযোগিতা, আন্তঃসীমান্ত ব্যবস্থাপনা, দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুসহ নানা বিষয় নিয়ে আলোচনা হবার কথা রয়েছে। বৈঠক শেষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের কথা রয়েছে রাজনাথ সিংয়ের। অন্যদিকে বাংলাদেশের ১৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রাজনাথ সিংয়ের সফরসঙ্গী হিসেবে রয়েছেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা। শনিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। একই দিন যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা সেন্টার উদ্বোধন ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের সঙ্গে বৈঠক করবেন রাজনাথ সিং।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ





























