গাজীপুর সিটি নির্বাচনে অনিয়ম হয়েছে’ মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাটের এমন মন্তব্যের তথ্য-প্রমাণ চেয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। তিনি বলেন, আইনানুগ প্রক্রিয়াতেই গাজীপুরের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবচেয়ে বড় প্রমাণ আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো অস্ত্র ব্যবহার করতে হয়নি এই নির্বাচনে।
দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া গত মঙ্গলবার অনুষ্ঠিত হয় গাজীপুর সিটি নির্বাচন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী হাসান উদ্দীন সরকারকে দুই লাখ ২৩ হাজার ভোটে হারিয়ে জয়ী হন আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম। তবে, গাজীপুরের ভোট নিয়ে প্রশ্ন তোলে রাজনৈতিক দল বিএনপিসহ নির্বাচন নিয়ে কাজ করে এমন কয়েকটি সংগঠন। এছাড়া, ব্যালট বাক্স ছিনতাই এবং বিরোধী রাজনৈতিক নেতা ও পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখানোর অভিযোগের খবরে উদ্বেগ প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্রও।
মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হয়েছে কি হয়নি, এ ব্যাপারে জনগণ কী ভাবছে, সেটাই মুখ্য। তিনি বলেন, ‘গাজীপুর সিটি নির্বাচন নিয়ন্ত্রণ করার যেসব অভিযোগ এসেছে, সে ব্যাপারে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। এসব অভিযোগের মধ্যে আছে ব্যালট বাক্স ভরে দেয়া, ভোটের দিন ও আগে পোলিং এজেন্ট এবং রাজনীতি সংশ্লিষ্টদের ভয়ভীতি দেখানো। নির্বাচনের সপ্তাহে বিরোধী রাজনীতিবিদ ও কর্মীদের যেভাবে পুলিশি হয়রানি গ্রেপ্তার করা হয়েছে, সে ব্যাপারেও আমরা আরো উদ্বিগ্ন।’ এসব অভিযোগের কড়া জবাব দেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। প্রমাণ ছাড়া যেকোনো অভিযোগই ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি।
গাজীপুর সিটির নির্বাচন আইনি প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়েছে বলেও জানান এই নির্বাচন কমিশনার। খুলনা এবং গাজীপুর সিটি নির্বাচনের মতোই আসন্ন তিন সিটি নির্বাচন হবে বলেও জানিয়েছেন রফিকুল ইসলাম।
সুত্রঃ ডিবিসি
অনলাইন ডেস্ক, বিডি টাইম্স নিউজ

























