মোঃ হামিদুর রহমান লিমনঃ রংপুর কেন্দ্রীয় কারাগারের ভিতরে একজন কয়েদির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কারারক্ষীরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্ঠা করেন। এতে পাল্টাপাল্টি ধাওয়ায় আহত হয়েছেন অর্ধশতাধিক বন্দি।
রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান জানান, গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে কারাগারের ভেতরের গাছ থেকে আমড়া পেড়ে খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাহার ও রফিকুল নামের দুইজন কয়েদির মধ্যে ঝগড়া বাধে। বিবাদের একপর্যায়ে রফিকুল বাহারকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। কারাগারের নার্স এসে বাহারের শরীরের পালস পাচ্ছিলেন না। তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বাহারকে মৃত ঘোষণা করেন। এ খবর কারাগারে ছড়িয়ে পড়লে বন্দিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কারা কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও অবহেলায় ওই বন্দি মারা গেছেন বলে অভিযোগ তোলা হয়। এ সময় বন্দিদের মধ্যে দু’পক্ষে বিক্ষোভ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারাপুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এতে আহত হন অর্ধশতাধিক কারাবন্দি। গোলাগুলির বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, কয়েদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কারাগারের ভেতরের কয়েদিরা প্রধান ফটক ধাক্কাধাক্কি করার চেষ্টা করলে কারারক্ষীরা ফাঁকা গুলি ছোড়েন। তিনি আরও বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, সেনা ও র্যাব সদস্যরা কারাগারে আসেন। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
রংপুর ডেস্ক ।। বিডি টাইমস নিউজ



























