
আহসান হাবিব, পঞ্চগড় সংবাদদাতা।। পঞ্চগড়ের কৃষি পুণর্বাসন ও প্রণোদনা কর্মসূচির সাড়ে ১৮ লাখ টাকা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে আল মামুন অর রশিদ নামে সাবেক এক কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। এদিকে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রাথমিক সত্যতাও পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন দুদক সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক তাহাসিন মুনাবিল হক। অভিযুক্ত আল মামুন অর রশিদ বর্তমান পঞ্চগড় হর্টিকালচার সেন্টারে সিনিয়র হর্টিকালচারিষ্ট হিসেবে কর্মরত আছেন। এর আগে, গত ১০ জুলাই বোদা উপজেলা কৃষি অফিসে অভিযান চালায় দুদকের একটি এনফোর্সমেন্ট টিম। জানা গেছে, বোদা উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা আল মামুন অর রশিদ কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির জন্য বরাদ্দকৃত ১৮ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে গ্রহণপূর্বক আত্মসাৎ করেছেন- এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। দুদক টিম ওই দপ্তর এবং সংশ্লিষ্ট ব্যাংক হতে রেকর্ডপত্র সংগ্রহ করে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। দুদক সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক তাহাসিন মুনাবিল হক গণমাধ্যমকর্মীদের জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সংগ্রহকৃত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক পূর্ণাঙ্গ প্রতিবেদন পরবর্তীতে কমিশন বরাবর দাখিল করা হবে।
তবে অভিযুক্ত আল মামুন অর রশিদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ হয় নি। এ বিষয়ে পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন বলেন, যতটুকুন শুনেছি ২০২১ সালের দিকে বোদা উপজেলা কৃষি অফিসের এক কর্মচারি কর্মকর্তার সঙ্গে অসদাচরণ করায় তাকে বদলি করা হয়। ওই কর্মচারিই নাকি সংক্ষুব্ধ হয়ে দুদকে অভিযোগ করেছে। তবে অভিযোগের সত্যতা মিললে দুদক অবশ্যই ব্যবস্থা নিবে














