
মাগুরা সংবাদদাতা।। মাগুরার চাঞ্চল্যকর জোড়া খুনের আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মামলার ৫ মাস পার হলেও হত্যার রহস্য উদ্ঘাটন ও মামলার কাঙ্খিত অগ্রগতি না হওয়ায় নিহতের পরিবার এবং এলাকাবাসী পুলিশের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছে।
আজ বুধবার(২৯’শে মে) দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে নিহতর পরিবার ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন ইমদাদুল হক ক্যাপ্টেন, মামলার বাদী আবুল কালাম, নিহত সবুজের স্ত্রী আলেয়া খাতুন ও ছোট ভাই আব্দুল্লাহ। নিহত সবুজের স্ত্রী আলেয়া খাতুন বলেন, হত্যার ৫ মাস পার হলেও মামলার আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘোরাঘুরি করলেও পুলিশ অজ্ঞাত কারণে নিষ্ক্রিয়। উল্টো আসামিরা নিহতের পরিবারকে নানা ভয় ভীতি প্রদর্শন করছে। তিনি এসময় প্রকাশ্যে অভিযোগ করে বলেন টাকা পয়সা নিয়ে পুলিশ আসামি ধরছে না। পুলিশ যদি সক্রিয় ভাবে তদন্ত করতো তাহলে আসামিরা অনেক আগেই ধরা পড়তো। নিহতদের বড় ভাই বলেন, হত্যা মামলার এজাহার ভুক্ত ১০আসামির মধ্যে পুলিশ মো:আশিক, হেদায়েত, বিপ্লব ও আসিবুর রহমান আসিব নামে ৪জন কে গ্রেফতার করেছে। বাকি ৬ জন আসামী মো: মুস্তাইন বিল্লাহ, হাবিবুল্লাহ, মারুফ খন্দকার, ফারুক খন্দকার, আব্বাস, রজব আলী প্রকাশ্যে গ্রামে ঘুরে বেড়ালেও পুলিশের ধরা ছোয়ার বাইরে রয়েছে তারা। এতে করে তারা আমার ও আমার পরিবারের সদস্যদের প্রান নাশের হুমকি দিচ্ছে। এ অবস্থায় আসামিদের আইনের আওতায় এনে বিচার দাবি করেন তিন।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কালিমুল্লাহ জানান, পানিঘাটার দুই সহোদর সবুজ ও হৃদয় হত্যার পরদিন তার বড় ভাই আবুল কালাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় ১০’জনকে আসামি করে হত্যা মামলা রুজু করেন। পুলিশ ইতিমধ্যে এজাহার ভুক্ত ৪ আসামীকে গ্রেপ্তার করেছে। একজন আসামী ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে এবং তদন্ত চলছে।
উল্লেখ্য, গ্রাম্য সামাজিক দলাদলি কে কেন্দ্র করে গত বছরের ৩০’শে ডিসেম্বর রাতে মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের সবুজ মোল্যা(৩০) ও তার আপন ভাই হৃদয় মোল্যা(১৭) কে বাড়ি থেকে ডেকে নিয়ে বাড়ির পাশে সরিষা ক্ষেতে গলা কেটে হত্যা করে প্রতিপক্ষরা।



























