জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম জং কিম, পহেলা জুলাই’এ তিন দিনের সফরে ঢাকায় আসছেন।সফরকালে তারা রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন। এছাড়া প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গেও তাদের বৈঠক করার কথা রয়েছে।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশে এটাই হবে প্রথম সফর। এর আগে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআরের প্রধান হিসেবে রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে এসেছিলেন তিনি।অন্যদিকে, বিশ্বব্যাংকের প্রধান জিম জং কিমের বাংলাদেশে এটি দ্বিতীয়বারের সফর। এদিকে, রোহিঙ্গাদের মানবিক সহায়তায় ৪০০ মিলিয়ন ডলার অনুদান দেয়ার বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে বিশ্বব্যাংকের আলোচনা চলছে। ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ৭৭ জন নিহত হন। এরপর থেকে রাখাইনে রোহিঙ্গাদের ওপরে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন বেড়ে যায়। ২০১৭ সালের ২৪ আগস্টের পর জীবন বাঁচাতে প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এছাড়া, আরও চার লাখ রোহিঙ্গা আগে থেকেই বাংলাদেশে বসবাস করে আসছে।রাখাইনে নিজ ভূমিতে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের চাপ অব্যাহত থাকলেও মিয়ানমার কোনোভাবেই এই রোহিঙ্গাদের ফেরত নিচ্ছে না।
রুমানা রহমান
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ





























