বিএনপি নির্বাচনে অংশ না নিলেও দলটির অনেক নেতাকর্মীই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ উইনেবল (সম্ভাব্য বিজয়ী) প্রার্থীদেরই মনোনয়ন দিয়েছে। ওবায়দুল কাদের বলেছেন, আমাদের একটাই কথা- আমরা উইনেবল অ্যান্ড ইলেকট্রেবল যারা, তাদের আমরা মনোনয়ন দিয়েছি। আমাদের যে ক্যাটাগরি আছে, এর মধ্যে যারা পড়েনি, তাদের মনোনয়ন দেয়া হয়নি।
আজ সোমবার (২৭ নভেম্বর) দুপুরে ধানমন্ডিতে দলের মনোনয়ন নিয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এদিন ধানমন্ডিতে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের প্রতীক বরাদ্দের চিঠি হস্তান্তর শুরু হয়। এ সময় দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নের চিঠি নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, ২৫ থেকে ৩০টি পার্টি এই নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। ৩০ নভেম্বরের মধ্যেই পরিষ্কার হবে কারা নির্বাচনে আসবে। নির্বাচনে অংশ না নিলেও বিএনপির অনেক নেতাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এ সময় সব শেষ হওয়ার আগে এ প্রশ্নের উত্তর না দেয়াই ভালো বলেও মন্তব্য করেন তিনি। এর আগে সকালে ’৬৯ এর গণঅভ্যুত্থানে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের কবরে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, মনোনীত প্রার্থীর বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়ার যে অনুমতি দেয়া হয়েছে, তা দলের কৌশলগত সিদ্ধান্ত। তিনি বলেন, সময়ের প্রয়োজনে কৌশল পরিবর্তন করে এগোচ্ছে আওয়ামী লীগ। নেত্রীর গাইডলাইন ফলো করে ডামি প্রার্থী হতে বাধা নেই।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে লড়তে ২৯৮টি আসনে নৌকার কাণ্ডারি চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বাকি দুটি আসনের প্রার্থীর নাম এখনো জানায়নি দলটি। রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার কাণ্ডারিদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।














