মাদকবিরোধী অভিযানে গতরাতে গোলাগুলিতে রাজধানী ঢাকাসহ ১০ জেলায় নিহত হয়েছে আরও ১৩ জন। তাদের সবাইকেই মাদক ব্যবসায়ী বলে দাবি করছে পুলিশ ও র‍্যাব। এতে চলমান অভিযানে ১৫ দিনে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ১১১ জনে। মাদকবিরোধী অভিযানে রাজধানীর দক্ষিণখানে আশিয়ান সিটির মাঠে গোয়েন্দা পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয় সুমন। পুলিশ জানায়, সুমন একাধিক মামলার আসামি ও মাদক ব্যবসায়ী।

যশোরের চাঁচড়া এলাকায় মাদক ব্যবসায়ী দুই পক্ষের গোলাগুলিতে নিহত হয় আসিফ ও মানিক নামের দুজন। তাদের বিরুদ্ধে ১০টিরও বেশি মামলা রয়েছে। কুমিল্লার মুরাদনগরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বাতেন ও লিটন নামে দুজন। বাতেনের বিরুদ্ধে ৮টি ও লিটনের বিরুদ্ধে থানায় ৭টি মামলা রয়েছে। গোলাগুলিতে পুলিশের ৩ সদস্যও আহত হয়।

পুলিশের সঙ্গে গোলাগুলিতে কুষ্টিয়ার দৌলতপুরে নিহত হয়েছে একাধিক মামলার আসামি ফজলুর রহমান ও মোকাদ্দেস আলী নামের ২ জন।এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জনি মিয়া নামে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে আখাউড়া থানা পুলিশ। পুলিশের দাবি, মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে তিনি নিহত হন।

এছাড়া, পুলিশের সঙ্গে গোলাগুলিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সুমন, ঠাকুরগাঁওয়ের হরিপুরে হারুন, ময়মনসিংহের ভালুকায় মিজান, বরগুনার বেতাগীতে ফিরোজ মৃধা ও সাতক্ষীরার কলারোয়ায় নিহত হয়েছেন আনিস। সব ঘটনাতেই অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধারের দাবি করেছে পুলিশ।

ডেস্ক রিপোর্ট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে