আগামী অর্থবছরের জন্য ১২ লাখ ১৬ হাজার ৪০০ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব দিয়েছে অর্থনীতি সমিতি। শনিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ প্রস্তাব দেয় সংগঠনটি। এতে সর্বোচ্চ ঋণখেলাপিদের কাছ থেকে অর্থ আদায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাবও দেয়া হয়।
জুনের প্রথম সপ্তাহেই আসছে আগামী অর্থবছরের বাজেট। ইতিমধ্যে আসন্ন বাজেটের আকার ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকা হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এরই মধ্যে অর্থনীতি সমিতি বিকল্প বাজেট প্রস্তাব দিয়েছে। যার আকার চলতি অর্থবছরের তুলনায় প্রায় তিনগুণ বেশি। প্রস্তাবিত বাজেটের ৮১ শতাংশ রাজস্ব আয় থেকে আর বাকিটা সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্বের মাধ্যমে যোগানের কথা বলা হয়েছে।
অর্থনীতি সমিতি বলছে, বড়জোর ১০০ ব্যক্তি বছরে ১ কোটি টাকা ব্যক্তিগত পর্যায়ে কর দেন। বাস্তবে এই সংখ্যা হওয়ার কথা কমপক্ষে ৫০ হাজার। সময়মত বাজেট বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ বলে মনে করছে অর্থনীতি সমিতি।
প্রতি বছর দেশ থেকে ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা পাচার হয় বলে দাবি অর্থনীতি সমিতির। কালো টাকা উদ্ধার ও অর্থপাচার রোধে পদ্ধতিগত নির্দেশনা থাকতে হবে বলে মনে করছে সংগঠনটি।
নোমান রহমান
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ



























