সরকারি টাকায় একবার সর্বোচ্চ ৭৫ হাজার টাকা দামের মোবাইল ফোন সেট কিনতে পারবেন মন্ত্রী ও সচিবরা। ওই ফোনে যে কোনো টেলিফোন অপারেটরের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তবে অগ্রাধিকার দিতে হবে বিটিসিএলের ইন্টারনেট সংযোগকে।
আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভায় নিয়মিত বৈঠকে এ সংক্রান্ত নীতিমালার অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব কথা বলেন। সচিব বলেন, মোবাইল ফোনের বিল সরকার বহন করবে। এ ছাড়া যুগ্ম সচিবরা মোবাইল বিল বাবদ এক হাজার ৫০০ টাকা পাবেন।
শফিউল আলম জানান, সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা-২০১৮ অনুমোদন দেয়া হয়। এটি প্রস্তাব আকারে পেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।সচিব জানান, ২০০৪ সালে প্রথম এ নীতিমালা করা হয়। ওই সময় মন্ত্রী-সচিবরা পেতেন ১৫ হাজার টাকা করে। এ নীতিমালার আওতায় সুপ্রিম কোর্টের বিচারপতিদেরও অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ

























