ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়িতে ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেয়ার ঘটনায় শাহবাগ থানায় ৪টি মামলা করা হয়েছে। মঙ্গলবার রাতে পুলিশের পক্ষ থেকে ৩টি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তার পক্ষ থেকে এই মামলাগুলো করা হয়।
শাহবাগ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রোববার মধ্যরাতে লাঠি সোটা নিয়ে অজ্ঞাতনামা বিপুল সংখ্যক মানুষ উপাচার্যের বাসভবনে হামলা চালায়। তারা ভবনের ভেতরে থাকা কয়েকটি গাড়ি ও মূল্যবান আসবাবপত্রে ভাংচুর করে। এছাড়াও বেআইনি অস্ত্র নিয়ে পুলিশের কাজে বাধা, গাড়ি ভাংচুর ও জানমালের ক্ষতিসাধন করায় মামলা করা হয়। পাশাপাশি এক পুলিশের মোটর সাইকেল ভাংচুর ও ওয়ারলেস খোয়া যাওয়ার ঘটনায়ও মামলা হয়েছে বলে শাহবাগ থানা সূত্রে জানা যায়।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ

























