সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ-সাংবাদিকসহ আহত হয় অর্ধশতাধিক। রাজধানীর গুরুত্বপূর্ণ ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে ঘণ্টার পর ঘণ্টা।

রাত আটটার দিকে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে টিয়ারশেল, রাবার বুলেট ও লাঠিচার্জ করে পুলিশ। ব্যবহার করে জল কামান। এক পার্যায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের শুরু হয় ধাওয়া পাল্টা-ধাওয়া। এসময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুপুর দুইটার পর থেকেই শাহবাগের সড়ক বন্ধ করে দিয়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। বন্ধ হয়ে যানবাহন যান চলাচল। যার প্রভাব পড়ে রাজধানীজুড়ে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে নাকাল হতে হয় ঢাকাবাসীকে। আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়ায় পুলিশ-সাংবাদিকসহ আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সরকারি চাকরিতে একশোটির মধ্যে ৫৬ জনকেই নেয়া হয় বিভিন্ন কোটায়। এই হার বৈষম্যমূলক দাবি করে এর সংস্কার দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা।
সরকারি চাকরিতে কোটা ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নিয়ে আসার দাবি আন্দোলনকারীদের। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার দাবিতে রাজধানীসহ সারা দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজে গণপদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।
নিউজ ডেস্ক । বিডি টাইম্স নিউজ

























