বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না, জাতিসংঘের কর্মকর্তা মিশেল ব্যাচেলেটের প্রতিবেদনে এটাই প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সকালে রাজধানীর রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইনার হুইল ক্লাব আয়োজিত পঞ্চম দক্ষিণ-এশিয়া সমাবেশ শেষে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এ’সময় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, দেশে মানবাধিকার লঙ্ঘন হয় না। মানবাধিকার লঙ্ঘন নিয়ে যারা অভিযোগ আনেন তা সবই ভিত্তিহীন। অভিযোগকারীর এ বিষয়ে কখনো যথোপযুক্ত তথ্য প্রমাণ দিতে পারেনি বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সুনির্দিষ্ট তথ্য ছাড়া নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের নিয়ে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট বাংলাদেশে এসেছিলেন। তিনি আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন। আমাদেরকে কিছু প্রশ্ন আগেই দিয়েছিলেন। তার প্রশ্নের ৭৬ জন গুমসহ অন্যান্য বিষয় আমরা ভিডিও প্রেজেন্টেশন তাকে দেখিয়েছিলাম ও কোনদিন কী হয়েছে বিস্তারিত বিষয় তার কাছে তুলে ধরেছি। এসব দেখে তিনি আমাদের কোনো প্রশ্ন করেননি’।
মন্ত্রী জানান, ‘সব কিছু বিশ্লেষণ করে মতামত দিয়েছেন মিশেল ব্যাচেলেট। তিনি তার বিজ্ঞতা দেখিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘন করছে না বরং খুব যত্ন সহকারে দেশ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী। সেই কথাই তিনি বারবার বলেছেন’। এ’সময় বিএনপি নেতাদের অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা সবসময় বলে আসছি বিএনপি একটা অবস্থা সৃষ্টির জন্য বিভিন্নভাবে রটনা করে যাচ্ছে। যেগুলোর কোনো ভিত্তি নেই এবং সত্যতা দেখাতে পারেনি। ভিত্তি না থাকার কারণে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার আমাদের দেশের মানবাধিকার নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেননি’।



























