বর্তমান পরিস্থিতিতে উন্নত বিশ্ব হিমশিম খাচ্ছে। দুর্ভিক্ষের আভাস পাওয়া যাচ্ছে, এ অবস্থায় সবাইকে আবারো সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সামর্থ্যবানদের দায়িত্বশীল ও মানবিক হতে হবে। দরিদ্র অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসতে হবে। বর্তমান বৈশ্বিক সংকটে দেশে দেশে বিদ্যুতের রেশনিং হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকার বাধ্য হয়েছে তেলের দাম বাড়াতে। এসময় বিদ্যুৎ, জ্বালানি ও পানি ব্যবহারে সবাইকে আরো সাশ্রয়ী হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

মানবাধিকারের কথা বলে যারা নিষেধাজ্ঞা দেয় তারাই বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়ে রেখেছে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বিচারের পথ বন্ধ করে দেয়া হয়। এসময় মানবাধিকার কোথায় ছিল। বাবা-মাসহ স্বজনদের হত্যার বিচার পাওয়ার অধিকার কি নেই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কোন মানবাধিকার সংগঠন সেদিন বিচারের জন্য কথা বলেনি।

প্রধানমন্ত্রী এসময় আরো বলেন, মানুষ মরে গেলে যে তার পাশে কেউ থাকে না, তার অন্যতম প্রমাণ জাতির পিতার মৃত্যু। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের লাশ ২৪ ঘন্টা পড়ে থাকলেও কেউ এগিয়ে আসেনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে